সিলেট রেঞ্জের ডিআইজি বদলি, নতুন দায়িত্বে জাহাঙ্গীর হোসেন

সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমানকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন এসবির ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানকে বদলি করে ঢাকায় পুলিশের বিশেষ শাখার ডিআইজি করা হয়েছে। অন্যদিকে এসবির ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সিলেট রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, বিসিএস পুলিশ ক্যাডারের ১৮ ব্যাচের কর্মকর্তা ড. জিললুর রহমান। আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশে ভালো কোনো পদায়ন হয়নি তার। বিশেষ করে— বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) থাকাকালে ৫০ লাখ টাকা ঘুষ ফান্ড তৈরি করায় সেসময় তাকে বরখাস্ত হতে হয়। পরে অবশ্য দুইবছর পর তাকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































