শুধু বেতন বাড়ছে না, সরকারি কর্মচারীদের জন্য আরও যে সুখবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ২১:২৬
অ- অ+

নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য আরও কয়েকটি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সব গ্রেডের সরকারি কর্মচারীকে মোবাইল ভাতার আওতায় আনা এবং বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা চালুর সিদ্ধান্ত রয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়। বৈঠক শেষে সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে নতুন বেতন কাঠামোর পাশাপাশি এসব সুবিধার কথা জানানো হয়েছে।

সব গ্রেডে মোবাইল ভাতা

নতুন বেতন স্কেলে সরকারি কর্মচারীদের মোবাইল ভাতার আওতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এত দিন পঞ্চম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীরা এ সুবিধা পেতেন। নতুন ব্যবস্থায় গ্রেডের সেই সীমা আর থাকছে না। ফলে সব গ্রেডের সরকারি কর্মচারী মোবাইল ভাতার সুবিধা পাবেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি দাপ্তরিক কাজের বড় একটি অংশ এখন মোবাইল ফোন ও ইন্টারনেটনির্ভর। ডিজিটাল যোগাযোগের ব্যয় বিবেচনায় নিয়ে মোবাইল ভাতার আওতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা

নতুন বেতন কাঠামোয় প্রথমবারের মতো বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

বাড়ছে মূল বেতনও

নতুন জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরির বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। নতুন কাঠামোয় ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের নির্ধারিত মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।

নতুন বেতন স্কেল ২০২৬ সালের ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হবে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। এ জন্য সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।

সরকারের মতে, নতুন বেতন কাঠামো সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও কর্মোদ্দীপনা বাড়ানোর পাশাপাশি দক্ষ, গতিশীল ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতে ভূমিকা রাখবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনারগাঁয়ে নজরুল বর্ষের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বন্ধ হলো নাগরিক প্রতিদিন
পুলিশের ১১ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন
জেলা বিএনপির ঘোষিত কমিটির বাইরে ঈশ্বরদীতে নতুন কমিটি ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা