মাংস বিক্রিতে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার ‘পরীক্ষিত’ সিল বাধ্যতামূলক: ডিএসসিসি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ১৫:১৯
অ- অ+

নির্ধারিত জবাইখানায় পশু জবাই এবং সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষিত সিল ছাড়া মাংস বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। আজ সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, নির্ধারিত দোকানেই মাংস বিক্রি করতে হবে। প্রতিটি মাংসের গায়ে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষিত সিল থাকতে হবে। ওই সিল দেখে সাধারণ মানুষ বুঝতে পারবেন, মাংসটি স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

তিনি বলেন, সিল ছাড়া মাংস বিক্রি করা হলে তা জব্দ করা হবে। একই সঙ্গে অবৈধভাবে জবাই করা পশুর মাংস বিক্রি করা দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, নির্ধারিত জবাইখানার বাইরে বিভিন্ন বাজারে পশু জবাই করা যাবে না। কেউ অননুমোদিত স্থানে পশু জবাই করলে তাকে জরিমানা করা হবে। আর অবৈধভাবে জবাই করা মাংস কোনো দোকানে বিক্রি হলে সংশ্লিষ্ট দোকান বন্ধ করে দেওয়া হবে।

তিনি বলেন, অন্য জায়গা থেকে মাংস আনা হলে পশুটি যথাযথভাবে জবাই করা হয়েছে কি না, পশুটি সুস্থ ছিল কি না কিংবা কোনো রোগে আক্রান্ত ছিল কি না—এসব নিশ্চিত হওয়ার সুযোগ থাকে না। এমনকি গরুর মাংসের নামে মহিষের মাংস বিক্রি করা হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করা সম্ভব হয় না।

এসব বিষয় নিশ্চিত করার জন্য নির্ধারিত জবাইখানায় পশু জবাই করার ওপর গুরুত্ব দেন তিনি।

আবদুস সালাম আরও বলেন, পশু জবাইয়ের সময় জবাইখানায় স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে কেউ অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসকের বক্তব্য অনুযায়ী, নির্ধারিত জবাইখানায় পশুর স্বাস্থ্য পরীক্ষা, জবাই প্রক্রিয়া তদারকি এবং মাংসে পরীক্ষিত সিল দেওয়ার মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/৩১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে এক দিনে ১৪৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ
সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত
পূবাইলে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা