র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

মৃত্যুদণ্ড মাথায় নিয়েই কন্ট্রাক্ট কিলিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন জামাল

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ১৪:২২
অ- অ+

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল রবিবার বিকালে নড়াইল সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদার এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল বিকাল ৫টা ২০ মিনিটে র‌্যাব-৬-এর সহযোগিতায় নড়াইল সদর থানার কালিয়া রোডের ভবানীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাল পত্তনদারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে নগদ টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকায় গুলি করে রিপন মন্ডলকে হত্যা করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা করা হয়। মামলার বিচার শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

র‌্যাব জানায়, রায় ঘোষণার পর মৃত্যুদণ্ড এড়াতে জামাল ভারতে পালিয়ে যান। ২০২৫ সালের ১০ আগস্ট ভারতের মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সিআইইউ দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কয়েক মাস ভারতের কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। প্রায় দুই মাস আগে পুশব্যাকের মাধ্যমে কৌশলে বাংলাদেশে প্রবেশ করেন বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশে প্রবেশের পর জামালের ওপর নজরদারি শুরু করে র‌্যাব। স্থানীয় ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, জামাল আবারও কন্ট্রাক্ট কিলিংয়ে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন এবং হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে নড়াইলের ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, জামাল পত্তনদার রিপন হত্যা মামলা ছাড়াও দুটি অস্ত্র, দুটি মাদক, একটি ডাকাতির প্রস্তুতি এবং একটি চাঁদাবাজির মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুদি দোকানি হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩
জামালপুরে নারীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
আফগানিস্তানে ট্রিলিয়ন ডলারের বিরল খনিজ সম্পদ, যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের প্রস্তাব তালেবানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা