‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ বলে মন্তব্য কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ১৪:০৯
অ- অ+

ইসলামকে ‘অন্যান্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ভারতের কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধী দল বিজেপি মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। একই সঙ্গে মন্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছে দলটি।

রবিবার (৩০ আগস্ট) কোপ্পাল জেলার কুকনুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রায়ারেড্ডি ইসলামকে মহান ও অত্যন্ত মানবিক ধর্ম হিসেবে বর্ণনা করেন। তাঁর দাবি, ইসলাম বিজ্ঞানভিত্তিক এবং মানুষকে কীভাবে জীবনযাপন করতে হয়, সে বিষয়ে শিক্ষা দেয়।

রায়ারেড্ডি বলেন, যারা ইসলাম সম্পর্কে জানেন না, তারাই এ ধর্ম নিয়ে ভুল ধারণা তৈরি করেন। তাঁর ভাষায়, ‘ইসলাম সমস্ত ধর্মের তুলনায় শ্রেষ্ঠ, কারণ এর সূচনা মানবিকতা দিয়ে।’

কুরআন ও আব্রাহামিক ধর্ম প্রসঙ্গেও বক্তব্য দেন তিনি। রায়ারেড্ডি বলেন, তিনি আব্রাহামিক ধর্মগুলো নিয়ে ব্যাপকভাবে পড়াশোনা করেননি। নিয়মিত মন্দির বা মঠে না গেলেও বিভিন্ন ধর্ম ও তাদের ইতিহাস নিয়ে পড়াশোনা করেন বলে জানান তিনি।

মন্ত্রীর বক্তব্য প্রকাশ্যে আসার পরই এর তীব্র সমালোচনা শুরু করে বিজেপি। কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে রায়ারেড্ডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে আর অশোক অভিযোগ করেন, মন্ত্রীর বক্তব্য হিন্দুধর্ম ও হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে অপমান করেছে। মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের নিয়মিত মন্দিরে যাওয়ার প্রসঙ্গও টেনে তিনি কংগ্রেস সরকারের কথিত ‘হিন্দুবিরোধী মানসিকতা’ নিয়ে প্রশ্ন তোলেন।

আর অশোকের দাবি, রায়ারেড্ডি মঠ বা মন্দিরে না যাওয়ার কথা বলে রাজ্যের কোটি কোটি হিন্দুর ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রগুলোকে হেয় করেছেন। একই সঙ্গে ইসলামকে অন্যান্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ বলার মাধ্যমে তিনি সনাতন ধর্মকে অবমাননা করেছেন।

বিজেপি বলেছে, রায়ারেড্ডিকে অবিলম্বে তাঁর মন্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে মুখ্যমন্ত্রীকে তাঁকে মন্ত্রিসভা থেকে সরানোর বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে।

বিজেপির মুখপাত্র অশোক গৌড়ও মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, ভোটব্যাংকের রাজনীতির কারণেই রায়ারেড্ডি এমন মন্তব্য করেছেন। বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ পড়ার পর মানুষকে নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে রায়ারেড্ডির রাজনৈতিক জীবনে এর আগে তিনি সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি মাসের শুরুতে ডি কে শিবকুমারের মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রীর দায়িত্ব পান।

কর্ণাটকের কংগ্রেস সরকারকে দুর্নীতির অভিযোগে বিজেপি যখন নিয়মিত আক্রমণ করছে, ঠিক সেই সময় মন্ত্রীর ধর্মীয় মন্তব্যকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হলো। ফলে রাজ্যটির রাজনৈতিক অঙ্গনে উত্তাপ আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

(ঢাকাটাইমস/৩১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
শ্যামপুরে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মৃত্যুদণ্ড মাথায় নিয়েই কন্ট্রাক্ট কিলিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন জামাল
৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা