র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ১১:৪৮
অ- অ+

এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। মর্যাদাপূর্ণ এ পুরস্কারকে প্রায়ই ‘এশিয়ার নোবেল’ হিসেবে অভিহিত করা হয়।

আজ সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন চলতি বছরের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করে।

রুনা খান ২০০২ সালে ‘ফ্রেন্ডশিপ’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া ও দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং তাদের মর্যাদা ও আশার সঙ্গে বেঁচে থাকার সুযোগ তৈরি করা।

ফ্রেন্ডশিপের কার্যক্রমের মধ্যে রয়েছে দারিদ্র্য, বৈষম্য, পরিবেশগত সংকট ও সামাজিক অবিচারের মতো বিভিন্ন সমস্যা মোকাবিলা করা। সংস্থাটি বিশেষ করে দুর্গম ও সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা ও দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছে।

দুই দশকের বেশি সময় ধরে ফ্রেন্ডশিপের কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠানটির মতে, চরম দারিদ্র্য, বৈষম্য, পরিবেশগত সংকট ও গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হওয়ার মতো বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে তাদের কাজের গুরুত্ব আরও বেড়েছে।

চলতি বছর রুনা খানের সঙ্গে আরও দুজন র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। তারা হলেন—সিঙ্গাপুরের কূটনীতিক ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ টমি কোহ এবং মিয়ানমারের মানবাধিকারকর্মী বো চি।

পুরস্কারজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বাংলাদেশের রুনা খানের এ পুরস্কার অর্জন দেশের উন্নয়ন খাতে তাঁর দীর্ঘদিনের কাজ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্রেন্ডশিপের কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, র‍্যামন ম্যাগসাইসাই ছিলেন ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট। ১৯৫৭ সালের ১৭ মার্চ এক বিমান দুর্ঘটনায় তিনি নিহত হন। একই বছর তাঁর নামে র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। পরের বছর, ১৯৫৮ সাল থেকে তাঁর নামে এ পুরস্কার দেওয়া শুরু হয়।

প্রতিবছর র‍্যামন ম্যাগসাইসাইয়ের জন্মদিন ৩১ আগস্ট ম্যানিলা থেকে ওই বছরের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/৩১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও ধস
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪১৬ জন গ্রেপ্তার, মামলা ৩০
নবম পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব আজ মন্ত্রিসভায়, যেভাবে হতে পারে বাস্তবায়ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা