সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও মালিকবিহীন একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বিজিবি।
সোমবার (৩১ আগস্ট) ভোরে উপজেলার শান্তিগঞ্জ এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ আভিযানিক দল টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন একটি কাভার্ডভ্যানসহ ২৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি আটক করে। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।
অভিযানে জেলা প্রশাসকের কার্যালায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বিজিডিও-৩২৩ সহকারী পরিচালক মো. সেলিম রানার সাথে ১০ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করে।
এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আটককৃত ভারতীয় শাড়ি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/৩১আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































