৩ মিনিটে স্বাস্থ্যমন্ত্রীকে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন

মানিকগঞ্জে একটি মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে তিন মিনিটে ৮১ বার ‘স্যার’ বলে সম্বোধন করেছেন জেলার সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস। একই সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান প্রায় এক মিনিটে ১০ বার ‘স্যার’ শব্দটি ব্যবহার করেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁর বক্তব্যের পর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস।
প্রাপ্ত ভিডিওর সময় হিসাব করে দেখা যায়, প্রায় তিন মিনিটের বক্তব্যে সিভিল সার্জন স্বাস্থ্যমন্ত্রীকে ৮১ বার ‘স্যার’ বলে সম্বোধন করেন। একইভাবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান প্রায় এক মিনিটের বক্তব্যে ১০ বার ‘স্যার’ শব্দটি ব্যবহার করেন।
মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী মাদক, জুয়া, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের ভূমিকার ওপর গুরুত্ব দেন। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজ খান রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত।
এ ছাড়া সভায় মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































