বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:২৭| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩১
অ- অ+

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতা-কর্মীদের অন্যায়, অত্যাচার, অবিচার ও দুর্নীতি না করার শপথ করিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

মঙ্গলবার বিকালে কুমিল্লার মুরাদনগর সদর বড় মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ শপথ করান।

কায়কোবাদ বলেন, ‘আমরা কোনো অন্যায় করব না, অত্যাচার করব না, অবিচার করব না এবং আওয়ামী লীগের মতো দুর্নীতি করব না। আমরা সৎভাবে জীবনযাপন করব। আমাদের হাত দ্বারা কোনো ভাই যেন কষ্ট না পায়—এই শপথ আমাদের নিয়ে যেতে হবে।’

তিনি বলেন, গত ১৭ বছর বিএনপির নেতা-কর্মীরা একসঙ্গে বসে দোয়া করা তো দূরের কথা, কথাও বলতে পারেননি। এখন আল্লাহ তাঁদের সেই সুযোগ দিয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হচ্ছে।

তারেক রহমানের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, তাঁর নেওয়া জনকল্যাণমূলক উদ্যোগগুলো বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে সময় প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘একটি বাচ্চাকে মা-বাবা ডাকতে শিখতেও একটু সময় দিতে হয়। আমাদেরও আপনারা একটু সময় দিন।’

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে কায়কোবাদ বলেন, তাঁদের ওপর কোনো ধরনের অত্যাচার করা যাবে না। বিরোধী দলের নেতা-কর্মীরাও দেশের নাগরিক; তাঁদের প্রতিও অবিচার করা যাবে না। তবে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

দোয়া মাহফিলে পবিত্র কোরআন খতম ও দোয়ায়ে ইউনুস পাঠ করা হয়। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধর্মমন্ত্রী কায়কোবাদসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
শাহজালাল বিমানবন্দরে ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা