ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত

জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এ ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে সংগীত বিভাগের এক সহযোগী অধ্যাপককেও সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেসানী।
জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন—শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান।
প্রো-ভিসি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তিন শিক্ষককে দোষী সাব্যস্ত করেছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নিতে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
অন্যদিকে, নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করেই সংগীত বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার অভিযোগে সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকে (সায়েম রানা) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তে তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেসানী বলেন, ড. জিয়াউর রহমান ইসলামিক স্টাডিজে অনার্স ও মাস্টার্স করেছেন। অথচ তিনি সংগীত বিভাগে লেকচারার হিসেবে নিয়োগ পেয়েছেন। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করে অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ড. জিয়াউর রহমান ইসলামিক স্টাডিজে অনার্স ও মাস্টার্সের পাশাপাশি সংগীত বিষয়ে এমফিল ও পিএইচডি সম্পন্ন করেছেন। তবে সংগীত বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে সংগীত বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি থাকা বাধ্যতামূলক ছিল।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, চার শিক্ষকের বিরুদ্ধে নেওয়া পৃথক ব্যবস্থার মাধ্যমে অভিযোগগুলো আরও যাচাই-বাছাই ও পরবর্তী শাস্তিমূলক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
(ঢাকাটাইমস/১ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































