ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ঝিনাইদহের শৈলকুপায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামের ঈদগাহ এলাকায় গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কচুয়া গ্রামের আদিবাসী বাগদি সম্প্রদায়ের ৩০ জন যুবক ফুটবল খেলতে চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া গ্রামে গিয়েছিলেন। খেলা শেষে মিনি ট্রাকে করে তারা বাড়ি ফিরছিলেন।
পথে গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কের বারইপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মিনি ট্রাকে ধাক্কা দেয়। এতে অন্তত ২০ জন আহত হন।
আহতদের মধ্যে ১৯ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে কয়েকজন চিকিৎসা নিয়ে চলে গেলেও ১৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এহতে শাম শহীদ বলেন, আহতদের চিকিৎসা চলছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হবে কি না, পর্যবেক্ষণ শেষে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় আহতরা চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১৬ জন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়কের পাশে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/১ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































