টেকনাফে ভয়াবহ আগুনে পুড়েছে ৪০ দোকানের কোটি টাকার মালামাল

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারের নিউ জামাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ থেকে ৪০টি দোকানের মালামাল পুড়ে গেছে। স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের প্রাথমিক হিসাবে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এক থেকে দেড় কোটি টাকা হতে পারে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিউ জামাল মার্কেটের পাশের সায়েম এন্টারপ্রাইজ নামের একটি টাইলস ও রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে থাকা রংসহ বিভিন্ন দাহ্য পদার্থের কারণে মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। পরে তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিউ জামাল মার্কেটের একটি ম্যাট্রেস তৈরির প্রতিষ্ঠান, ওয়ালটন শোরুমসহ বেশ কয়েকটি দোকান আগুনের কবলে পড়ে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে টেকনাফ ও উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বেশ কয়েকটি দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
হ্নীলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, রাতে সায়েম এন্টারপ্রাইজের রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের মার্কেট ও দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
হ্নীলা বাজারের ইজারাদার আব্দুল্লাহ বিন কাদের বলেন, রঙের দোকান থেকে আগুন ছড়িয়ে প্রথমে একটি ম্যাট্রেস তৈরির প্রতিষ্ঠানে লাগে। এরপর ওয়ালটন শোরুমসহ আশপাশের কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, অগ্নিকাণ্ডে ৩০ থেকে ৪০টি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক থেকে দেড় কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করা হয়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, হ্নীলা বাজারে অগ্নিকাণ্ডের খবর তিনি পেয়েছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/২ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































