ফিলিপাইনের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বৈঠকে উচ্চশিক্ষা, গবেষণা, কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনশক্তি তৈরিতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর গুলশানের কূটনৈতিক এলাকায় ফিলিপাইন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে টেকনিক্যাল, হেলথকেয়ার ও ট্যুরিজম এডুকেশনে ফিলিপাইনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ইউনিভার্সিটি অব দ্য ফিলিপিন্সের সঙ্গে শিক্ষা ও গবেষণায় যৌথ কার্যক্রম চালুর বিষয়টি গুরুত্ব পায়।
এ ছাড়া ফিলিপাইনের স্বাস্থ্য খাতের পেশাজীবীদের সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে তাঁদের দক্ষতা বাড়ানো এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রশিক্ষণের সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য দ্বিপক্ষীয় বিনিময় কর্মসূচি চালু এবং মেধাবী শিক্ষার্থীদের ফিলিপাইনে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বৃত্তির ব্যবস্থা সম্প্রসারণের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেট।
একই সঙ্গে হেলথকেয়ার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং পর্যটন খাতে ফিলিপাইনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যৌথ প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালুর বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
সাক্ষাৎকালে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সংস্কার কার্যক্রম ও একাডেমিক পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বলেন, বিশ্বায়নের যুগে ফিলিপাইনের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে উন্নীত করতে সহায়ক হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশাল একাডেমিক নেটওয়ার্ক ও দেশের শিক্ষা বিস্তারে এর ভূমিকার প্রশংসা করেন ফিলিপাইনের রাষ্ট্রদূত। শিক্ষা ক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতায় ফিলিপাইন সরকার পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেমসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং ফিলিপাইন দূতাবাসের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উভয় পক্ষ পরস্পরের হাতে স্মারক সম্মাননা তুলে দেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































