বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর, অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩
অ- অ+

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যুর ওপর আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের রায়ের পর গত ২১ আগস্ট থেকে এই স্থগিতাদেশ আর কার্যকর নেই।

২৮ আগস্ট হালনাগাদ করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর ফলে বাংলাদেশসহ তালিকাভুক্ত ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু আবারও করা যাবে। তবে আবেদনকারীদের ভিসা পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রচলিত সব শর্ত পূরণ করতে হবে।

কেন ভিসা স্থগিত করা হয়েছিল

চলতি বছরের জানুয়ারিতে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ করে দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। অভিবাসী ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয় এবং পরবর্তী সময়ে গ্রিন কার্ড পাওয়ার পথও উন্মুক্ত থাকে।

সে সময় মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, তালিকাভুক্ত দেশগুলোর যেসব আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, তাদের বিষয়ে অতিরিক্ত যাচাই প্রয়োজন। সেই যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবেই ভিসা ইস্যু স্থগিত রাখা হয়েছিল।

তবে এই নীতির বিরুদ্ধে আদালতে মামলা করে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক (সিএলআইএনআইসি)। মামলাটি করা হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জেনেট ভার্গাস মামলাটির রায় দেন।

আদালতের রায়ে স্থগিতাদেশ বাতিল

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, শুধু কোনো নির্দিষ্ট দেশের নাগরিক হওয়ার কারণে অভিবাসী ভিসা আটকে রাখা অভিবাসন ও জাতীয়তা আইন বা ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার সীমা অতিক্রম করেছে।

আদালতের রায়ের পর গত ২১ আগস্ট থেকে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যুর ওপর আরোপিত স্থগিতাদেশ আর কার্যকর নেই।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, স্থগিতাদেশের সময় যেসব অভিবাসী ভিসা আগে থেকেই ইস্যু করা হয়েছিল, সেগুলো বাতিল করা হয়নি। একই সময়ে নতুন আবেদন জমা দেওয়া এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগও ছিল। মূলত আবেদন প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে ভিসা ইস্যু করার ওপরই স্থগিতাদেশ কার্যকর ছিল।

সুবিধা পাবেন যেসব দেশের নাগরিক

বাংলাদেশ ছাড়াও স্থগিতাদেশের আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।

ফলে এসব দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যুর প্রক্রিয়া আবারও স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে ভিসা অনুমোদন নির্ভর করবে আবেদনকারীর যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, সাক্ষাৎকার এবং যুক্তরাষ্ট্রের প্রচলিত অভিবাসন আইনের অন্যান্য শর্ত পূরণের ওপর।

(ঢাকাটাইমস/১ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদ্মা সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে যাওয়া বাসের ভিডিও ভাইরাল, ৫০ মিটার ক্ষতিগ্রস্ত
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
ডিএমপির অভিযানে  ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার, মামলা ১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা