সিলেটে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত ফাঁড়ির (বিওপি) ওয়াচ টাওয়ার থেকে জামিল হাসান শিষ (২৫) নামে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
নিহত জামিল হাসান শিষ সিপাহী নম্বর-১১৪১০১। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। গত ২২ আগস্ট ২০২৬ থেকে তিনি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন জৈন্তাপুর উপজেলার কেন্দ্রীয় সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে গলায় ফাঁস দেন জামিল হাসান। পরে বিষয়টি জানাজানি হলে সকাল ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।
এ সময় ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিমও বিওপি ক্যাম্পে উপস্থিত ছিলেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজিবি কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ ওয়াচ টাওয়ার থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনার কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, এ ঘটনায় বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
(ঢাকা টাইমস/১সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































