রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা-শ্লীলতাহানির ঘটনায় মামলা, তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৯
অ- অ+

রাজবাড়ীতে নারী উদ্যোক্তা ও তার কর্মীদের ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– হেলালউদ্দিন (৩৮), আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯) ও রুবেল হোসেন (১৯)। মঙ্গলবার রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দুপুরে রাজবাড়ী জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর মোরশেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর থানার বিনোদপুর এলাকার বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা। প্রতিষ্ঠানের সাবেক এক কর্মচারীর সঙ্গে হিসাব-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট দুপুরে বড় বাজারের সামনের সড়কে জাকিয়া সুলতানা ও তার কর্মীরা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় কতিপয় ব্যক্তিরা দলবদ্ধ হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা জাকিয়া সুলতানা ও তার কর্মীদের এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারেন। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একই সময় জাকিয়া সুলতানার শ্লীলতাহানি করা হয়।

এ ঘটনায় জাকিয়া সুলতানা বাদী হয়ে গতকাল সোমবার রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করে আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার পর রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযানে নামে। অভিযানে এজাহারভুক্ত ও তদন্তে পাওয়া তিন আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন
নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ কারবারি জামাই-শাশুড়ি গ্রেপ্তার
সরকারি বেতনকাঠামোর পর বেসরকারি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা