বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৭টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে পতাকা উত্তোলনের পর দলীয় নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এদিকে দিবসটি ঘিরে জেলা বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
দলীয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এছাড়া বগুড়ার ১৩টি উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
(ঢাকা টাইমস/১সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































