১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় মোহাম্মদপুরে বহিষ্কৃত শ্রমিক দল নেতা পিন্টু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ভাঙচুর ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় শ্রমিক দলের বহিষ্কৃত নেতা মো. আলী কায়সার পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম। তিনি জানান, চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে মোহাম্মদপুর থানা থেকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানার সাত মসজিদ হাউজিংয়ের ভাঙা মসজিদ ট্রাক টার্মিনালে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে গত ৩১ আগস্ট বিকেল ৫টার দিকে পিন্টুসহ কয়েকজন যান। এ সময় তারা সমিতির সদস্যদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার বাদী ও সমিতির সদস্য মো. বেলায়েত হোসেনের অভিযোগ, পিন্টুসহ অভিযুক্তরা এর আগেও বিভিন্ন সময়ে তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দিয়ে আসছিলেন।

এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন পিন্টুর নির্দেশে অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং নগদ পাঁচ লাখ টাকা দিতে বলেন। সমিতির সদস্যরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কার্যালয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ করা হয়।

অভিযোগ অনুযায়ী, এ সময় অফিসের টেবিল, চেয়ার ও ব্যানার ভাঙচুর করা হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে বাদী বেলায়েত হোসেনকে লাঠি দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে আরও বলা হয়, পরে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মনোয়ার হোসেন মন্টু, সাধারণ সম্পাদক জহির হোসেন এবং ড্রাইভার সমিতির সভাপতি মো. নুশু মিয়াসহ অন্যরা এগিয়ে এসে বেলায়েত হোসেনকে উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানায় পিন্টুর বিরুদ্ধে এর আগে অন্তত আটটি মামলা রয়েছে। এছাড়া মোহাম্মদপুর এলাকার পুলিশের চাঁদাবাজদের তালিকায় তার নাম আট নম্বরে রয়েছে বলে জানা গেছে।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের মে মাসে আলী কায়সার পিন্টুকে মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক পদ ও দলের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

পরে এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসিকে চিঠি দেয় ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল। চিঠিতে পিন্টুর দলীয় সদস্যপদসহ বহিষ্কারের বিষয়টি জানিয়ে বলা হয়, মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি বা অন্যান্য কর্মকাণ্ডে জড়িত হলে এর দায়ভার সংগঠন নেবে না। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

মামলার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/২ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
Government Laboratory High School: A 65-Year Journey of Glory
দুই দিনে বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা