সিআইডির হাতে একজন গ্রেপ্তার

ফাস্টফুডের দোকানে চাকরির প্রলোভন, সৌদিতে যুবককে আটকে নির্যাতন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ১৭:৪৫
অ- অ+

সৌদি আরবে ফাস্টফুডের দোকানে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ৬ লাখ টাকা নেওয়ার পর তাকে নির্ধারিত কাজ না দিয়ে একটি বাসায় আটকে রাখার অভিযোগ উঠেছে। পরে আকামা করে দেওয়ার কথা বলে তার পরিবারের কাছে আরও টাকা দাবি এবং টাকা আদায়ের জন্য শারীরিক নির্যাতন করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর বিমানবন্দর থানাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সালমান হোসেন (৩৩)। তার বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শংকরপুর (গাইনপাড়া) এলাকায়।

সিআইডির মানবপাচার ইউনিট (টিএইচবি) জানিয়েছে, মামলার এজাহার অনুযায়ী, একটি চক্র সৌদি আরবে ভালো চাকরি দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে বিদেশে পাঠানোর প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি হলে তার কাছ থেকে ৬ লাখ টাকা নেয় চক্রটি। পরে ২০২৫ সালের ৭ জুন তাকে সৌদি আরবে পাঠানো হয়।

তবে সৌদি আরবে যাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী তাকে কোনো চাকরিতে নিয়োগ দেওয়া হয়নি। বরং সালমান হোসেন চক্রের অন্য সদস্যদের সহযোগিতায় তাকে একটি বাসায় আটকে রাখেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, পরে আকামা করে দেওয়ার কথা বলে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করা হয়। টাকা আদায়ের উদ্দেশ্যে তার ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়।

মরুভূমিতে পালিয়ে আশ্রয়

একপর্যায়ে ভুক্তভোগী কৌশলে ওই বাসা থেকে পালিয়ে যান। পরে তিনি একটি মরুভূমি এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির আশ্রয় নেন। এরপর সৌদি পুলিশের হাতে আটক হন তিনি। পরবর্তী সময়ে চলতি বছরের ২২ জুলাই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে সাভার থানায় মামলা করেন। গত ১৪ জানুয়ারি দায়ের করা ওই মামলায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৬(২), ৭ ও ৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সিআইডির প্রাথমিক তদন্তে সালমান হোসেনের বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। তদন্তে ভুক্তভোগী সৌদি আরবে সালমানের বাসাতেই আটক ছিলেন বলেও প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে।

মামলাটির তদন্ত করছে সিআইডির মানবপাচার শাখা। ঘটনায় জড়িত অন্য ব্যক্তি, পলাতক আসামি এবং চক্রটির দেশি-বিদেশি সহযোগীদের শনাক্তে তদন্ত চলছে। একই সঙ্গে সম্ভাব্য অন্য ভুক্তভোগীদেরও শনাক্ত করার চেষ্টা করছে সিআইডি।

বিদেশে কর্মসংস্থান, অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া টাকা বা পাসপোর্ট হস্তান্তর না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সিআইডি।

সংস্থাটি বলেছে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধতাও যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।

কেউ ভিসা পাইয়ে দেওয়ার নামে অস্বাভাবিক অঙ্কের টাকা দাবি করলে, পাসপোর্ট জিম্মি করে রাখলে অথবা ভিসা জালিয়াতি, মানবপাচার কিংবা অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত থাকার সন্দেহ হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সিআইডিকে জানানোর অনুরোধ করেছে সংস্থাটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬৩
বগুড়ায় গৃহবধূকে হত্যা মামলায় স্বামী-শ্বশুর গ্রেপ্তার
বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর জমকালো সমাপনী
হরিণাকুণ্ডুতে মা সমাবেশ অনুষ্ঠিত  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা