যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে।
মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা কমার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় আগের দিনের বড় ধরনের মূল্যবৃদ্ধির পরও বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় তেলের বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৮৭ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৫২ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ০২ ডলারে দাঁড়িয়েছে।
এর আগের কার্যদিবসেই ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় বেঞ্চমার্কের দাম ব্যারেলে ৪ ডলারের বেশি বেড়েছিল। ওই মূল্যবৃদ্ধি ছিল ২৪ জুলাইয়ের পর ব্রেন্ট ক্রুড এবং ২৩ জুলাইয়ের পর ডব্লিউটিআই ক্রুডের সর্বোচ্চ একদিনের দরবৃদ্ধি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ও তেল পরিবহন অবকাঠামো নিয়ে নতুন করে ঝুঁকি তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ফলে তেলের বাজারে সরবরাহ ঝুঁকি ও অনিশ্চয়তা আপাতত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/২ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































