গৃহকর্মীর মৃত্যু: ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীর বিচার শুরু

গৃহকর্মীর অবহেলাজনিত মৃত্যুর মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
আজ বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেনের আদালত দুই আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
আদালতসংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিযোগ গঠনের শুনানির সময় সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকার আদালতে উপস্থিত ছিলেন। তাদের পক্ষে আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার ও ওমর ফারুক আসিফ অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বিল্লাল হোসেন।
শুনানি শেষে আদালত আসামিদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ। জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। পরে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের একটি আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে প্রীতি ওড়ান নামের ১৫ বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যু হয়। প্রীতি ওই ভবনের বাসিন্দা সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতেন। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামে।
এ ঘটনায় প্রীতির বাবা লুকেশ ওড়ান বাদী হয়ে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় মামলা করা হয়।
তদন্ত শেষে গত ৩১ মার্চ ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের উপপরিদর্শক এস এম মাহমুদ রেজা দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
মামলার দুই আসামি চার মাস কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































