২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে যা জানাল মালয়েশিয়া

আগামী ছয় মাসে প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ করবে মালয়েশিয়া—বাংলাদেশের এক প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে দেশটির সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয় বলে জানিয়েছে মালয়েশিয়া।
মালয়েশিয়া সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর রামানানের সঙ্গে কথা বলে তিনি এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন বলে জানান।
ফাহমি ফাদজিল বলেন, বাংলাদেশ সরকারের একজন জুনিয়র মন্ত্রী মালয়েশিয়ায় ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটি বাংলাদেশের সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা অবস্থানকে প্রতিনিধিত্ব করে না। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী তাঁকে বিষয়টি জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, আগামী ছয় মাসে মালয়েশিয়া প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। সেপ্টেম্বরের শেষ দিকে ধাপে ধাপে এ নিয়োগপ্রক্রিয়া শুরু হতে পারে বলেও তিনি জানিয়েছিলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও গতকাল জানিয়েছিলেন, কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়া আগামী ছয় মাসে প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এদের মধ্যে ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর সুযোগ দেওয়ার কথাও তিনি জানান।
তবে মালয়েশিয়া সরকারের মুখপাত্রের বক্তব্যের পর ২ লাখ কর্মী নিয়োগের বিষয়টি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মালয়েশিয়া সরকার এখন পর্যন্ত এটিকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবে স্বীকৃতি দেয়নি।
এর আগে ২০২৪ সালে বাংলাদেশসহ কয়েকটি দেশের কর্মী নিয়োগে বিধিনিষেধ আরোপ করেছিল মালয়েশিয়া। বিদেশি কর্মীদের নিয়োগে অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও শ্রমিক শোষণের বিভিন্ন অভিযোগের পর দেশটি এ পদক্ষেপ নেয়। বর্তমানে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগও নিয়েছে মালয়েশিয়া। ২০৩০ সালের মধ্যে দেশটির মোট শ্রমশক্তিতে বিদেশি কর্মীর হার প্রায় ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে গত জুনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনায় বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়েছিল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































