নওগাঁয় শেখ হাসিনার ফেরার ঘোষণা নিয়ে মাইকিং, গ্রেপ্তার ২

আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন ঘোষণা দিয়ে নওগাঁর মান্দায় মাইকিং করার ঘটনায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. শহিদুল ইসলাম শহীদ (৪৩) এবং মো. আব্দুল জলিল সরকার (৫০)। এছাড়া এ ঘটনায় অটোরিকশায় থাকা এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।
পুলিশ জানায়, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নে রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের সড়কে মাইকিংয়ের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গতকাল রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম শহীদ (৪৩) এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের মো. আব্দুল জলিল সরকার (৫০)। শহিদুল ইসলাম শহীদ কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং আব্দুল জলিল সরকার সংশ্লিষ্ট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, এই দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি মাইকিংয়ের সময় অটোরিকশায় থাকা কিশোর তারেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এ ছাড়া মাইকিংয়ের ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












