যুক্তরাষ্ট্রের ডিভি লটারি চালুর নির্দেশ আদালতের, ১ নভেম্বরের মধ্যে আবেদন শুরু

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬
অ- অ+

যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির নিবন্ধন কার্যক্রম শুরু করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ শুরু না হওয়ায় আদালত এ নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী, আগামী ১ নভেম্বরের মধ্যে নিবন্ধন শুরু করতে হবে এবং ২৯ অক্টোবরের মধ্যে আবেদনসংক্রান্ত সময়সূচি ঘোষণা করতে হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে।

গত ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহতা এ আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, নিবন্ধন কার্যক্রম ৩০ দিন চালু রাখা যেতে পারে। তবে আবেদনের নির্দিষ্ট সময়সূচি, যোগ্যতার শর্ত ও আবেদনপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

মামলাটি করেছে রেড ঈগল ল নামের একটি আইন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির অভিযোগ, নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ শুরু না করে মার্কিন পররাষ্ট্র দপ্তর কার্যত কর্মসূচিটি স্থগিত রেখেছে। এতে সম্ভাব্য আবেদনকারীদের পাশাপাশি ডিভি লটারিসংক্রান্ত আইনি সহায়তা দেওয়া প্রতিষ্ঠানটিরও আর্থিক ক্ষতি হয়েছে বলে আদালতে দাবি করা হয়।

মামলায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও দেশটির পররাষ্ট্র দপ্তরকে জবাবদিহির আওতায় আনা হয়। সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আবেদন গ্রহণ শুরু করলে কর্মসূচির নিয়মের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বিচারক মনে করেন, কেবল সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণে কংগ্রেস অনুমোদিত কর্মসূচি বন্ধ রাখা গ্রহণযোগ্য নয়। এ যুক্তিতেই তিনি নিবন্ধন চালুর নির্দেশ দেন।

যেভাবে কাজ করে ডিভি লটারি

ডাইভারসিটি ভিসা কর্মসূচি সাধারণভাবে গ্রিন কার্ড লটারি নামে পরিচিত। এর আওতায় যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে কম অভিবাসী পাঠায়—এমন দেশগুলোর যোগ্য নাগরিকদের প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। নির্বাচিত আবেদনকারীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।

অন্যান্য অনেক কর্মভিত্তিক অভিবাসন প্রক্রিয়ার মতো এ লটারিতে অংশ নিতে সাধারণত যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব বা নিয়োগকর্তার পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয় না। তবে লটারিতে নির্বাচিত হলেই গ্রিন কার্ড নিশ্চিত হয় না। আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা বা নির্ধারিত কাজের অভিজ্ঞতার শর্ত পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং অভিবাসন ও নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

সাধারণত আবেদনকারীর উচ্চমাধ্যমিক শিক্ষা বা সমমানের যোগ্যতা থাকতে হয়। বিকল্প হিসেবে নির্ধারিত শর্ত পূরণকারী পেশায় কাজের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হতে পারে।

বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না

আসন্ন ডিভি লটারিতে বাংলাদেশ অংশ নিতে পারবে কি না, তা নিয়ে আগ্রহীদের মধ্যে কৌতূহল রয়েছে। তবে বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে আবেদনসংক্রান্ত সময়সূচি ঘোষণার নির্দেশ রয়েছে। বিজ্ঞপ্তিতে অংশগ্রহণের যোগ্য দেশগুলোর তালিকা, আবেদনপদ্ধতি ও অন্যান্য শর্ত প্রকাশ করা হলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

তাই আগ্রহীদের আবেদন করার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বজুড়ে সাইবার হামলা, বিভিন্ন দেশে ওয়েবসাইট বন্ধ
বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ধস
আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস, নিরাপদ সড়ক গড়ার প্রত্যয়
দেশের বাজারে পতনের পর যে দামে মিলছে স্বর্ণ