সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৫| আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৭
অ- অ+

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

একই দিনে দেশটির শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার চেষ্টা করা ড্রোন ভূপাতিত করার ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। এদিকে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত নিজেদের কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। খবর আল জাজিরা’র।

বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তথ্য জানায়।

জিএসিএ জানায়, হামলায় আহত আটজনের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। এ ঘটনায় দুজন নিহত হন।

হুতি বাহিনী ও সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদির বিভিন্ন স্থাপনা ও বিমানবন্দরে হামলার ঘটনা ঘটছে।

এর আগে গত সপ্তাহে সৌদি আরব জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো ধরনের প্রক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন।

এর এক দিন আগে, ১০ অক্টোবর, একই বিমানবন্দরে পৃথক আরেকটি হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এদিকে হুতিদের অব্যাহত হামলার আশঙ্কায় বুধবার সৌদি আরবে নিজেদের কূটনৈতিক মিশনগুলো থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থিত মার্কিন মিশন থেকেও কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ পরিস্থিতিতে বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে হুতিদের সম্ভাব্য আরও হামলার বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে পতনের পর যে দামে মিলছে স্বর্ণ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ১১০ ডলার ছাড়ালো
নারায়ণগঞ্জে যুবদল নেতা জহির ফকিরকে কুপিয়ে হত্যা
প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন