বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ১১০ ডলার ছাড়ালো

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম আবারও ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে বেড়েছে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ২৯ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১১০ ডলার ১১ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম ৯৭ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ ডলার ১২ সেন্টে পৌঁছেছে। খবর আল জাজিরার।
মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার এবং জ্বালানি তেল সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক বাজারে এ মূল্যবৃদ্ধি ঘটেছে। বিশেষ করে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় তেল উৎপাদন ও সরবরাহব্যবস্থা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দেশটিতে অবস্থানরত নিজেদের কূটনৈতিক মিশনের কিছু কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে মার্কিন মিশন থেকে কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাও করছে ওয়াশিংটন।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদনকারী দেশগুলোতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়িয়ে দিচ্ছে। পরিস্থিতির আরও অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে।
(ঢাকাটাইমস/২২ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












