উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৬, ১৬:৫৪| আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৭:১০
অ- অ+

টানা ১৪ দিন বন্ধ থাকার পর যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা (জেএফসিএল)।

শুক্রবার সকাল ১০টা থেকে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু হয়।

কারখানাটি চালু হওয়ায় কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, উৎপাদন অব্যাহত থাকলে আসন্ন মৌসুমে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ইউরিয়া সারের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে।

কারখানা সূত্রে জানা যায়, গ্যাস সংকটের কারণে চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ ছিল। দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কারখানাটিতে পুনরায় গ্যাস সরবরাহ শুরু করে।

তবে গ্যাস সরবরাহ চালু হলেও প্রয়োজনীয় চাপ না থাকায় তাৎক্ষণিকভাবে উৎপাদন শুরু করা সম্ভব হয়নি। পরে গ্যাসের চাপ বাড়লে গত ৭ অক্টোবর রাতে কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয়। কিন্তু দুই দিনের মাথায় বয়লারে লিকেজ দেখা দেওয়ায় ৯ অক্টোবর আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।

এরপর কারখানার প্রকৌশলী ও টেকনিশিয়ানরা টানা দুই সপ্তাহ কাজ করে বয়লারের যান্ত্রিক ত্রুটি মেরামত করেন। ত্রুটি সারানোর পর প্রয়োজনীয় গ্যাসের চাপ পাওয়ায় শুক্রবার সকাল থেকে পুনরায় উৎপাদন শুরু করা সম্ভব হয়।

যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) মো. ফজলুল হক জানান, প্রকৌশলীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে দুই দিন আগেই বয়লারের ত্রুটি সম্পূর্ণ দূর করতে সক্ষম হন। পরে প্রয়োজনীয় গ্যাসের চাপ পাওয়ায় শুক্রবার সকাল ১০টা থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানাটি ১৯৯১ সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। দৈনিক এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতাসম্পন্ন এ কারখানা জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও রাজবাড়ীসহ দেশের উত্তরাঞ্চলের ২১টি জেলায় সার সরবরাহ করে থাকে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অটোরিকশায় ঘুরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
আসাদগেট থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজন গ্রেপ্তার
দুর্গাপূজায় এবার জামায়াত নেতাদের দেখা যায়নি: মীর শাহে আলম