জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে বোতল নিক্ষেপ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে তার গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে জেরুজালেমের মাহানে ইহুদা বাজারের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাড়িবহরটি না থেমে গন্তব্যের দিকে চলে যায়।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট-এর বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, বোতল নিক্ষেপের ঘটনার পরপরই নিরাপত্তাকর্মী ও পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে ধরতে তল্লাশি শুরু করে। পরে নেতানিয়াহু ও তার স্ত্রী সারা মাহানে ইহুদা বাজারে পৌঁছালে ক্ষমতাসীন লিকুদ পার্টির সমর্থকেরা তাদের স্বাগত জানান।
এর আগে সফরসূচির অংশ হিসেবে তেল আবিবের হাতিকভা বাজারে গেলে বিক্ষোভ ও ক্ষোভের মুখে পড়েন নেতানিয়াহু। সেখানে হামাসকে অর্থায়নের অভিযোগ তুলে এক ব্যক্তি ভিডিও ধারণ করতে গেলে লিকুদ পার্টির সমর্থকেরা তার মুঠোফোন ফেলে দেন। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত ও জিম্মি হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন নিহত জিম্মি গায় ইলুজের বাবা মিশেল ইলুজ, কারমেল গাতের স্বজন গিল দিকমান এবং জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাব জাঙ্গাউকার।
বিক্ষোভকারীরা ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ইসরায়েলের তৎকালীন নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার দায় নিয়ে নেতানিয়াহুর অবিলম্বে পদত্যাগ দাবি করেন।
আইনাব জাঙ্গাউকার অভিযোগ করেন, বিক্ষোভের সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তাদের লক্ষ্য করে থুতু ফেলা ও সবজি ছুড়ে মারা হয়। পরে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়।
এ ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে মিশেল ইলুজ এর নিন্দা জানান। একই সঙ্গে আগামী নির্বাচনে নাগরিকদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












