হুথিদের ছোড়া ১১ দ্রোন ও ১ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির

সৌদি আরবের আকাশে হুতিদের ছোড়া ১১টি ড্রোন এবং ১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ধ্বংস করেছে সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।
মুখপাত্র আল-মালিকি মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ প্রকাশিত বিবৃতিতে জানান, রাজধানী রিয়াদ, মদিনা, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং দেশের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে আসা ড্রোনগুলো সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। এর বাইরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকা লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আঘাত হানার আগেই ভূপাতিত করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।
মুখপাত্রের তথ্যমতে, রিয়াদ ও মদিনার আকাশে ৪টি, রিয়াদের ওপর আরও ১টি, পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪টি এবং দক্ষিণাঞ্চলে ২টিসহ মোট ১১টি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়।
এসব ড্রোন বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সুনির্দিষ্ট স্থান কিংবা এগুলো ভূপাতিত করার সময় মাটিতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি।
এর মাত্র একদিন আগে, বুধবার সৌদি অ্যারামকোর একটি তেল স্থাপনা এবং দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলা চেষ্টার পর ভূপাতিত ধ্বংসাবশেষের আঘাতে চারজনের মৃত্যু হয়। একই দিনে সৌদি জোট আরও ৭টি ড্রোন নিষ্ক্রিয় করার দাবি করেছিল সৌদি আরব।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












