দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম রুটের আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে, রিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ঢাকা-দাম্মাম রুটের আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের নির্ধারিত সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। এছাড়া সার্বিক বিমান হামলা পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ রুটের সকল ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। স্থগিত ফ্লাইটসমূহের সংশোধিত যাত্রাসূচি ও পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে।
অন্যদিকে, ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে আসা-যাওয়া করতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













