এপ্রিল-মার্চ অর্থবছর চালু নিয়ে মন্ত্রণালয়ের জরুরি চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ১৭:১১
অ- অ+

প্রচলিত জুলাই-জুন অর্থবছরের পরিবর্তে এপ্রিল-মার্চ অর্থবছর চালুর সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুতি শুরু করেছে সরকার। এ লক্ষ্যে আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কাছে প্রয়োজনীয় আইন, বিধিমালা, চুক্তি ও সরকারি ব্যবস্থাপনায় সংশোধন-সমন্বয়ের সময়াবদ্ধ কর্মপরিকল্পনা চেয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আগামী ২৫ অক্টোবরের মধ্যে এ কর্মপরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৬ থেকে গত ১৫ অক্টোবর জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। উপসচিব মোহাম্মদ আবদুল আউয়াল স্বাক্ষরিত চিঠিটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর, কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে।

চিঠি অনুযায়ী, গত ১৭ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তীকালীন অর্থবছর হিসেবে বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ অর্থবছরের মেয়াদ ১২ মাসের পরিবর্তে নয় মাস নির্ধারণ করে জুলাই ২০২৭ থেকে মার্চ ২০২৮ পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে।

এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে ১ এপ্রিল থেকে পরবর্তী বছরের ৩১ মার্চ পর্যন্ত সময়কে অর্থবছর হিসেবে নির্ধারণ করে সরকারি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, নতুন অর্থবছর কাঠামো কার্যকর করতে প্রয়োজনীয় আইনগত ভিত্তি তৈরির কাজ ২০২৭-২৮ অর্থবছর শুরুর আগেই, অর্থাৎ চলতি অর্থবছরের মধ্যে সম্পন্ন করতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট আইন, বিধিমালা, পরিপত্র, বিশেষ আদেশ (এসআরও), চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করতে হবে। একই সঙ্গে কোথায় সংশোধন, সংযোজন, পরিমার্জন ও সমন্বয় প্রয়োজন, তা চিহ্নিত করে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।

অর্থবছরের সময়কাল পরিবর্তনের ফলে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), সামগ্রিক উন্নয়ন কার্যক্রম, জাতীয় উৎপাদন ও পরিসংখ্যানগত কাঠামো এবং তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যবস্থায়ও প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

এ ক্ষেত্রে আইবাস++, ভ্যাট ও ট্রেজারি ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট সরকারি সফটওয়্যার ও আর্থিক ব্যবস্থাপনাকে নতুন অর্থবছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ নির্দেশনার আওতায় রাজউক, নগর উন্নয়ন অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, সরকারি আবাসন পরিদপ্তর এবং হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট রয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাকে নির্দেশনার আওতায় আনা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রশাসন, আইন, পরিকল্পনা ও উন্নয়ন, অডিট, ভূমি ব্যবস্থাপনা, পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শাখাকেও এ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।

চিঠিতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে নিজ নিজ এখতিয়ারভুক্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কর্মপরিকল্পনা জমা দেওয়ার মাধ্যমে নতুন অর্থবছর কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে নেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে পিটিয়ে হত্যা
সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু
শ্রীপুরে বহুতল ভবনের কক্ষ থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার