প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, গ্রেপ্তার আবু বকর

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৯
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করে আলোচনায় আসা আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকরকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

‘দ্য বিউটি অব রাজশাহী’ (The Beauty of Rajshahi) নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের সময় ব্যবহৃত বাস নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টের সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসের ছবি যুক্ত করা হয়েছিল।

পোস্টটির মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’

মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর এর ভাষা ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরেও আসে। পরে আবু বকরকে শনাক্ত করে অভিযান চালানো হয়।

রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, ‘ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে আমরাও উদ্বিগ্ন হয়েছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্যটি তার প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে দেওয়া মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দর থেকে রুয়েটের একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন তারেক রহমান।

ফেসবুকে দেওয়া মন্তব্যের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার আবু বকরের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন