উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬, ১২:২৮
অ- অ+

রক্তশূন্যতায় অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হওয়া ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বিমানে ঢাকায় নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসা দেওয়ার কথা রয়েছে।

ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েক দিন ধরে অসুস্থতাবোধ করছিলেন মিজানুর রহমান মিনু। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার অংশ হিসেবে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

অসুস্থতার মধ্যেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন ভূমিমন্ত্রী। হাসপাতালের শয্যায় থেকেও রাজশাহীর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন মিজানুর রহমান মিনু। পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন তিনি।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে দেশবাসীর কাছে দোয়া চেয়ে ভূমিমন্ত্রী লেখেন, ‘আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।’

ভূমিমন্ত্রীকে দেখতে বুধবার রামেক হাসপাতালে ছুটে যান বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের নেতারা এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া বুধবার রাতে মহানগর জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরাও হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তারা মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতির অপেক্ষায় রয়েছেন তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, গ্রেপ্তার আবু বকর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন