ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ, ৩ জন নিহত

ময়মনসিংহে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত আট যাত্রী আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালি মডেল থানার আলালপুর এলাকায় নিপা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে হালুয়াঘাট থেকে ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। ইমাম পরিবহনের বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-১১৫৯ এবং শ্যামলী বাংলা পরিবহনের বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-১১০৭। ঘটনাস্থলে একজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০), হালুয়াঘাট উপজেলার ধারা কচুয়া এলাকার মো. আব্দুর রাজ্জাক এবং অজ্ঞাতনামা এক পুরুষ। অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আটজনের চিকিৎসা চলছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে একজন ও রাত সাড়ে ৭টার দিকে আরও দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাস দুটি রেকার দিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(ঢাকা টাইমস/২সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































