স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য এ সময়ের মধ্যে আবেদন করা যাবে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
ইসির তথ্য অনুযায়ী, ভোটার স্থানান্তরের আবেদন ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর। আর দাখিল করা আবেদন নিষ্পত্তির শেষ সময় ১০ সেপ্টেম্বর।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যু এবং দাখিল করা আবেদনগুলো নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন এ সময়সূচি নির্ধারণ করেছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন দাখিলের শেষ তারিখ ৭ সেপ্টেম্বর। এরপর ৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ইস্যু এবং ১০ সেপ্টেম্বরের মধ্যে দাখিল করা আবেদনগুলো নিষ্পত্তি করতে হবে।
ইসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ভোটারদের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
(ঢাকাটাইমস/২ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































