বগুড়ায় ট্রাকচাপায় ৩ জন নিহত

বগুড়ার শেরপুরে চাকা মেরামতের সময় কাঠের জ্যাক সরে গিয়ে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর ফায়ার সার্ভিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা ওই ট্রাকের চালক, হেলপার ও মেকানিক বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাঠবোঝাই মিনি ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে গেলে মহাসড়কের ওপরই কাঠের জ্যাক দিয়ে ট্রাকটি উঁচু করে মেরামতের কাজ করছিলেন চালক, হেলপার ও মেকানিক। একপর্যায়ে হঠাৎ জ্যাকটি সরে গেলে কাঠবোঝাই ভারী ট্রাকটি নিচে থাকা তিনজনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে তারা তিনজনের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
(ঢাকা টাইমস/২সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































