যাদের নতুন পে স্কেলের সুবিধা না দেওয়ার দাবি জানালো টিআইবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০২| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৯
অ- অ+

সরকারি চাকরিজীবীদের নতুন জাতীয় বেতন স্কেলের সুবিধা দেওয়ার ক্ষেত্রে শর্ত আরোপের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, সরকারি কর্মচারী ও তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের প্রতিবছর আয়-ব্যয় ও সম্পদের হিসাব হালনাগাদ করে প্রকাশ বাধ্যতামূলক করতে হবে। যারা এ তথ্য প্রকাশ করবেন না, তাঁদের নতুন পে স্কেলের সুবিধা না দেওয়ার কথা বলেছে টিআইবি।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান।

বিবৃতিতে নতুন জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা সামঞ্জস্যপূর্ণ না হলে তাঁদের কাছ থেকে পূর্ণ পেশাগত দক্ষতা ও দুর্নীতিমুক্ত সেবা আশা করা কঠিন। এ কারণে দেশের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও তিন ধাপে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করে টিআইবি।

তবে জনগণের করের টাকায় বেতন-ভাতা বৃদ্ধির সুফল নিশ্চিত করতে সরকারি কর্মচারীদের আয়-ব্যয় ও সম্পদের হিসাব প্রকাশের বাধ্যবাধকতা থাকা উচিত বলে মনে করে সংস্থাটি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রতিবছর যারা আয়-ব্যয় ও সম্পদের বিবরণী হালনাগাদ করে প্রকাশ করবেন, নতুন বেতন-ভাতার সুবিধা শুধু তাঁদের জন্য প্রযোজ্য হওয়া উচিত। আর যারা এসব তথ্য প্রকাশ করবেন না, তাঁদের নতুন পে স্কেলের সুবিধা দেওয়া অনুচিত।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, অনেক সরকারি কর্মচারী সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁদের জন্য নতুন বেতনকাঠামো ন্যায়সংগত ও প্রয়োজনীয়। তবে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত না করে বেতন-ভাতা বাড়ানো অযৌক্তিক।

কার্যকর জবাবদিহির ব্যবস্থা ছাড়া ঢালাওভাবে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হলে সরকারি খাতে দুর্নীতি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, নতুন পে স্কেলের মাধ্যমে দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ার সরকারের প্রত্যাশা ইতিবাচক। তবে ২০১৫ সালের অষ্টম পে স্কেলের মতো এর বাস্তব চিত্র পরবর্তী সময়ে যেন ভিন্ন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

এদিকে নতুন পে স্কেলের কারণে নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা জানিয়েছে টিআইবি। এতে উচ্চ দ্রব্যমূল্যের চাপে থাকা স্বল্প আয়ের মানুষসহ সাধারণ জনগণের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে মনে করে সংস্থাটি।

তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি নতুন বেতন-ভাতা বাস্তবায়নের ক্ষেত্রে সম্পদবিবরণী প্রকাশের শর্ত কার্যকর করতে সরকারের দূরদর্শী পদক্ষেপ চেয়েছে টিআইবি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে ১৪ কেজি আইস, বিদেশী মদ-ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ
চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ: চার পুলিশ সদস্য প্রত্যাহার  
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা, বাড়ছে ব্যাংকের ঝুঁকি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা