নেপালের বন্যা-ভূমিধসে ১০ লাখ ডলার জরুরি সহায়তা বাংলাদেশের

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ১০ লাখ মার্কিন ডলার জরুরি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে এই সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে এই অর্থ দেওয়া হবে। অনুদানের বিষয়টি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে রয়েছে বলে জানা গেছে।
এদিকে নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ এই দুর্যোগে প্রাণহানির সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে। পাশাপাশি এখনো নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ।
নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, আকস্মিক বন্যার পর দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।
অন্যদিকে, চীনের অংশে অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন।
ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের জরুরি সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের এই অনুদান ব্যবহার করা হবে।
(ঢাকাটাইমস/২ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































