বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩
অ- অ+

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তর করতে জাপানের সহযোগিতা চেয়েছে সরকার। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আজ বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি (SAIDA Shinichi)। এ সময় দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানান জাপানের রাষ্ট্রদূত। পরে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ, পর্যটন ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের যাত্রায় জাপানকে পাশে চায় সরকার। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হওয়া দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহ ও অঙ্গীকারের প্রতিফলন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়েই টার্মিনালটির উদ্বোধন করতে সরকার বদ্ধপরিকর। এ জন্য দ্রুত ‘অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার’ (ORAT) কার্যক্রম শুরু করা জরুরি।

মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের (SWG) দেওয়া প্রস্তাবের কারিগরি ও আর্থিক মূল্যায়ন ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা বা দর-কষাকষি শুরু হবে। টার্মিনালটির সফল পরিচালনার জন্য ‘লেটার অব অ্যাস্যুরেন্স’ নিয়েও মন্ত্রণালয় পর্যায়ে কাজ চলছে।

পর্যটন খাত নিয়ে আলোচনায় মন্ত্রী বলেন, দেশে ৫০০টির বেশি হেরিটেজ ট্যুরিজম স্পট রয়েছে। এসব পর্যটনকেন্দ্রের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

বুদ্ধিস্ট ট্যুরিজম বা বৌদ্ধ পর্যটনের উন্নয়নেও জাপানের সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে কাজ করতে আগ্রহী সরকার। এ খাতে জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। হেরিটেজ পর্যটন উন্নয়নে জাপানি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রস্তাবও আহ্বান করেন তিনি।

সাক্ষাতে জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের সঙ্গে নিবিড় সহযোগিতার ভিত্তিতে কাজ করার বিষয়ে জাপানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা, বাড়ছে ব্যাংকের ঝুঁকি
নেপালের বন্যা-ভূমিধসে ১০ লাখ ডলার জরুরি সহায়তা বাংলাদেশের
বেনাপোলে ভারতীয় নাগরিকের মৃত্যু
যাদের নতুন পে স্কেলের সুবিধা না দেওয়ার দাবি জানালো টিআইবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা