নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে মৃত ১১৩০, নিখোঁজ ৪৫০০

নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১৩০ জনে দাঁড়িয়েছে। এখনো প্রায় ৪ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছেন। বুধবার প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্যে এ তথ্য জানা গেছে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট দেশটিতে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানার পর এখন পর্যন্ত ১ হাজার ১১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ২৯২ জন। নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।
কর্তৃপক্ষ বলছে, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে প্রায় ১২ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনী ও পুলিশসহ ২১ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
আকস্মিক বন্যায় নেপালে প্রায় ১৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
চীনের তিব্বত অঞ্চলেও বন্যা ও ভূমিধসে হতাহতের ঘটনা ঘটেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্যমতে, সীমান্ত এলাকায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক বলে জানিয়েছে সিনহুয়া।
নেপাল ও তিব্বতের দুর্গম ও বন্যাকবলিত এলাকাগুলোতে এখনো উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। ফলে হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































