জনগণের স্বার্থে সব ভালো কাজে আমরা সরকারকে সহযোগিতা করব: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৪
অ- অ+

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে ও বাইরে দেশের ও জনগণের স্বার্থে সব ভালো কাজে আমরা সরকারকে সহযোগিতা করব এবং সরকারের জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। সেটি হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। আমরা রাজপথের সব আন্দোলনই অহিংস করতে চাই।

আজ বুধবার রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এসব কথা জানান।

গোলাম পরওয়ার বলেন, ‘সভায় জামায়াতে আমির বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন যদি গণভোটের গণ রায় বাস্তবায়ন না হয়, তাহলে রাজনীতিতে সংকট তৈরি হবে। তিনি এ ক্ষেত্রে সংসদের ভেতরে এবং বাইরে জামায়াতের প্রকাশ্য ও আন্তরিক ভূমিকার কথা তুলে ধরেছেন।’

পরওয়ার বলেন, ‘সভায় টেলিভিশনের শীর্ষ নির্বাহীদের অনেকে বলেছেন, জুলাই সনদ অনুযায়ী যে গণভোট হয়েছে, সেটির বিষয়ে যারা ভিন্নমত পোষণ করছেন, তাদের জামায়াত আমিরের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত, কোনো ভিন্নমত ছাড়াই গণভোটের রায় মেনে নেওয়া উচিত।’

জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, ‘গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা বলেছেন, বর্তমান সংসদে বিরোধী দল হিসেবে জামায়াত যে ভূমিকা রাখছে, তা অতীতের যেকোনো সময়ের তুলনায় গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক।’ এ ছাড়াও এসব সাংবাদিকেরা বিরোধী দলকে ভালো ভালো রাজনৈতিক কর্মসূচির পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।

গোলাম পরওয়ার জানান, সভায় বিরোধীদলীয় নেতা বলেন, সংবাদ পরিবেশন যেমন একটি দায়িত্ব, তেমনি জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গণমাধ্যমের দায়িত্ব রয়েছে। জামায়াতের জন্য কোনো ভালো পরামর্শ কিংবা কোনো ত্রুটির বিষয়ে খোলামেলা জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

সভায় ইলেকট্রনিক মিডিয়ায় বিদ্যমান নানা সমস্যার বিষয়ে শীর্ষ নির্বাহীরা কথা বলেছেন বলেও জানিয়েছেন এই জামায়াত নেতা। তিনি উল্লেখ করেন, প্রিন্ট মিডিয়ায় যেসব সুবিধা রয়েছে, সেসব সুবিধা ইলেকট্রনিক মিডিয়ায় নেই বলে অভিযোগ করেছেন শীর্ষ নির্বাহীরা। বেতন কাঠামো, ওয়েজ বোর্ড না থাকায় তাদের নিরাপত্তার প্রশ্নও তুলে ধরেছেন। জামায়াত আমির এসব সমস্যার বিষয়ে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে কথা বলার ও তুলে ধরার পরামর্শ দিয়েছেন।

মতবিনিময় সভায় অংশ নেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ও হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক, সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের আহমেদ বাবু, যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, এটিএন বাংলার হেড অব নিউজ মনিউর রহমান, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান কাঞ্চন, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস খান, এখন টিভির হেড অব নিউজ মোস্তফা কামাল স্বপন, স্টার নিউজের হেড অব নিউজ ওয়ালিউর রহমান মিরাজ, একাত্তর টিভির প্রধান নির্বাহী ও হেড অব নিউজ শফিক আহমেদ, ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মামুন আব্দুল্লাহ, ডিবিসি নিউজের সিএনই সাহাবুদ্দীন চৌধুরী, নিউজ টুয়েন্টিফোরের হেড অব নিউজ শরিফুল ইসলাম খান, চ্যানেল টুয়েন্টিফোরের নির্বাহী পরিচালক ও হেড অব নিউজ জহিরুল আলমসহ অনেকে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানে নতুন উদ্যোগ
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫
২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে যা জানাল মালয়েশিয়া
আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে আসছে রজনীকান্তের ‘জেলার টু’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা