পি টিউনের স্বত্বাধিকারী পরাগের বিরুদ্ধে গীতিকার জসীম উদ্দিন আকাশের মামলা

নরসিংদী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩১| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫২
অ- অ+

মিউজিক পরিবেশনা প্রতিষ্ঠান পি টিউনের স্বত্বাধিকারী পরাগ কুমার বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাৎ ও কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে।

গত ৩০ আগস্ট নরসিংদীর আমলী আদালতে মামলাটি করেছেন গীতিকার, প্রযোজক ও প্রকাশক জসিম উদ্দিন আকাশ।

মামলার অভিযোগে জসিম উদ্দিন আকাশ উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে গান লেখা, প্রযোজনা, প্রকাশনা ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত। প্রবাসে অবস্থানকালে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিডি ২৯ মাল্টিমিডিয়া’ পরিচালনার জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তার প্রয়োজন হয়। এ বিষয়ে ভারতের গায়ক আকাশ সেনের সঙ্গে তিনি আলোচনা করেন। পরে আকাশ সেনের মাধ্যমে পরাগ কুমার বিশ্বাসের সঙ্গে তার পরিচয় হয়।

আদালতে দাখিল করা মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ৩ সেপ্টেম্বর পরাগ কুমার বিশ্বাসকে বিডি ২৯ মাল্টিমিডিয়া পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, বিডি ২৯ মাল্টিমিডিয়ার সঙ্গে মিউজিক পরিবেশনা প্রতিষ্ঠান ‘বিলিভ মিউজিক’-এর চুক্তি রয়েছে—এমন তথ্য দিয়ে পরাগ কুমার বিশ্বাস তাঁর নিজস্ব প্রতিষ্ঠান পি টিউনের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এরপর ‘আপন মানুষ চেনা বড় দায়’সহ বিডি ২৯ মাল্টিমিডিয়ার বিভিন্ন জনপ্রিয় গান পি টিউনের ব্যবস্থাপনায় ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে জসিম উদ্দিন আকাশকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার নথিতে আরও বলা হয়েছে, পরাগ কুমার বিশ্বাসের কর্মকাণ্ড সম্পর্কে জানার পর তার ওপর আস্থা কমে যায় জসিম উদ্দিন আকাশের। প্রবাসে অবস্থানকালে বিভিন্ন সময়ে ব্যাংকের মাধ্যমে পরাগের কাছে পাঠানো অর্থের হিসাব চাওয়া হয়।

এ ছাড়া সঙ ট্রাস্ট, সনি ভিভো, আইএমআরওসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাওয়া ব্যবসায়িক আয়ের হিসাবও জানতে চাওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এসব অর্থ ও আয়ের পূর্ণাঙ্গ হিসাব পরাগ কুমার বিশ্বাস দেননি বলে অভিযোগ করেছেন বাদী।

মামলায় এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাৎ এবং কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে পরাগ কুমার বিশ্বাসের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
বুড়িগঙ্গার তীর থেকে ১৫ দিনের মধ্যে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের
চাঁদা না পেয়ে প্রকৌশলীকে মারধরের অভিযোগ ৪ কর্মচারীর বিরুদ্ধে
ঘাটাইলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা