৩৮ লাখ টাকা নিয়ে কর নথি বদলের অভিযোগ, কর কর্মকর্তার পদোন্নতি ৮ বছর স্থগিত

৩৮ লাখ টাকা গ্রহণ করে এক করদাতার আয়কর নথির অধিকাংশ রেকর্ড পরিবর্তন ও পুরোনো নথি তার প্রতিনিধির কাছে হস্তান্তরের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুর পদোন্নতি আট বছর স্থগিত করেছে সরকার।
তবে তার বিরুদ্ধে আনা ‘দুর্নীতিপরায়ণ’ হওয়ার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় ওই অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর-১ শাখা থেকে গত ৩১ আগস্ট প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন আহসান হাবিব।
প্রজ্ঞাপন অনুযায়ী, জান্নাতুল ফেরদৌস মিতু (২০০৬৬৭) সহকারী কর কমিশনার হিসেবে সার্কেল-৯৩, কর অঞ্চল-৫, ঢাকায় কর্মরত থাকার সময় এক করদাতার কাছ থেকে ৩৮ লাখ টাকা গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। ওই অর্থের বিনিময়ে করদাতা সালাহ উদ্দিন আহমেদের আয়কর নথির অধিকাংশ রেকর্ড পরিবর্তন করে নতুন রেকর্ড সংযোজন এবং পুরোনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল-ট্রাইব্যুনালের আদেশসহ অন্যান্য নথি করদাতার মনোনীত প্রতিনিধি আয়কর আইনজীবী মো. ওবায়দুল হক সরকার ও তার সহকারী সোহেলের কাছে হস্তান্তর করার অভিযোগ আনা হয়।
এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। মামলাটিতে তাকে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতিপরায়ণতা’র অভিযোগে কৈফিয়ত তলব করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা কৈফিয়তের জবাব দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত শুনানির আবেদন করেন। গত ১৬ মার্চ তার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। পরে অভিযোগ তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।
তদন্ত প্রতিবেদনে জান্নাতুল ফেরদৌস মিতুর বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে ‘দুর্নীতিপরায়ণতা’র অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।
তদন্ত প্রতিবেদন ও বিভাগীয় মামলার নথিপত্র পর্যালোচনা করে তাকে অসদাচরণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(২)(খ) অনুযায়ী তাকে আগামী আট বছর পদোন্নতি স্থগিত রাখার লঘুদণ্ড দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, একই সঙ্গে জান্নাতুল ফেরদৌস মিতুর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































