আসিফ মাহমুদকে ঘিরে অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ নিয়ে অবস্থান বদল দুদকের

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮
অ- অ+

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা পদোন্নতি, বদলি-বাণিজ্য ও পদায়নসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এসব অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে বলে আগে যে বক্তব্য দেওয়া হয়েছিল, পরে তা সংশোধন করেছে সংস্থাটি।

বুধবার দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ব্রিফিংয়ে কথা বলার সময় সম্ভবত ‘প্রাথমিক সত্যতা’ শব্দটি বলে ফেলেছেন তিনি। এ শব্দ দুটি ব্যবহার না করার জন্য তিনি অনুরোধ করেন।

এর আগে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দুদক জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মন্ত্রণালয়ে বদলি-বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হবে।

অভিযোগে আসিফ মাহমুদের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদের নাম রয়েছে।

দুদকে দেওয়া অভিযোগে বলা হয়েছে, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল করে নতুন করে পদায়নের আদেশের মাধ্যমে ৭৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির জন্য দেড় কোটি টাকা এবং পদোন্নতির পর পছন্দের স্থানে পদায়নের জন্য আরও প্রায় দুই কোটি টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়েছিল। ওই সিন্ডিকেটের বিরুদ্ধে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন টেন্ডার, কেনাকাটা ও অন্যান্য কার্যক্রমে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগটি অনুসন্ধানের জন্য চার সদস্যের একটি দল গঠন করা হয়েছে। দলের নেতৃত্ব দেবেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন এবং উপসহকারী পরিচালক ইমরান আকন ও রোমান উদ্দিন।

অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করবে অনুসন্ধান দলটি। তবে অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে—এমন কোনো সিদ্ধান্ত দুদক এখনো নেয়নি বলে সংস্থাটির মুখপাত্রের বক্তব্যে স্পষ্ট হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হক আর নেই
গৃহকর্মীর মৃত্যু: ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীর বিচার শুরু
৩৮ লাখ টাকা নিয়ে কর নথি বদলের অভিযোগ, কর কর্মকর্তার পদোন্নতি ৮ বছর স্থগিত
দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা