রেলওয়ের শীর্ষ তিন পদে রদবদল

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক-এই শীর্ষ তিন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পরিবর্তনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীণকে ঢাকার রেলভবনে অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করা মামুনুল ইসলাম পিইঞ্জকে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।
নতুন দায়িত্বের পাশাপাশি যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































