ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনের অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরিস্থিতি মোকাবিলায় পরে অন্য স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। এছাড়া আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
(ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









































