রাজধানীতে দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখার পরিকল্পনা

রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী সদস্যকে প্রস্তুত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওয়ার্ড, জোন ও থানা এলাকাভিত্তিক এসব স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দিয়ে দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়ার কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বুধবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আনসার-ভিডিপির ডিজিটাল ডেটাবেজে অন্তর্ভুক্ত প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা দুর্যোগের সময় ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে কাজ করবেন। তাঁরা উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ ও মানবিক পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবেন।
প্রস্তাবিত ১ লাখ স্বেচ্ছাসেবীকে আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন আকস্মিক দুর্যোগ মোকাবিলায় বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা তৈরি হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আনসার-ভিডিপির মহাপরিচালক সাক্ষাৎকালে বাহিনীর সংস্কার, সক্ষমতা বৃদ্ধি ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের অগ্রগতিও মন্ত্রীকে জানান। দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বন্যা ও অন্যান্য দুর্যোগে আনসার-ভিডিপির সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন বলেও তিনি জানান।
এ ছাড়া উপকূলীয় ও পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পরিবেশগত সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধির একটি প্রকল্পের বিষয়েও মন্ত্রীকে অবহিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পের আওতায় বাগেরহাট, দিনাজপুর, বরগুনা ও রাঙামাটিতে স্থানীয় ভিডিপি সদস্যদের জন্য পরিবেশবান্ধব প্ল্যান্ট, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা (রেইনওয়াটার হার্ভেস্টিং) এবং রিভার্স অসমোসিস (আরও) ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
সাক্ষাৎকালে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দ্রুত সাড়া, উদ্ধারকাজ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। দুর্যোগের সময় প্রান্তিক পর্যায়ে থাকা আনসার-ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







