মানুষকে ধৈর্যের পরীক্ষা নেবেন না, সরকারকে সাইফুল হক

নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিএনপি সরকারকে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, বিদ্যুৎ-গ্যাস ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মানুষ কষ্টে থাকলেও সরকারকে এখনো সময় দিচ্ছে। তবে এভাবে বেশি দিন মানুষ ধৈর্য ধরবে না।
বুধবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গাইবান্ধা জেলা শাখার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘পুরোনো জমানার মতো মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না।’ দ্রুত বিদ্যুৎ ও সারের সংকটের সমাধান না হলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও সতর্ক করেন তিনি।
সারের সংকট প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘সারের সংকট না থাকলে কৃষকেরা কেন সারের গোডাউন লুট করবে?’ তাঁর অভিযোগ, কৃষকের প্রয়োজনীয় কৃষি উপকরণ নিশ্চিত করতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
সাইফুল হক বলেন, দেশের উত্তরাঞ্চল এখনো উন্নয়ন থেকে বঞ্চিত। অগ্রাধিকারের ভিত্তিতে উত্তরাঞ্চলের উন্নয়নে সরকারের মনোযোগ দেওয়া প্রয়োজন।
নির্বাচিত সরকারের আমলেও সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও দুর্বৃত্তদের দৌরাত্ম্য রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, এ অবস্থা চলতে থাকলে সমাজে অরাজকতা আরও বাড়বে। সামাজিক ও রাজনৈতিক অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মীসভায় দলের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, কৃষকেরা ন্যায্য মূল্যে সার না পাওয়ায় সিন্ডিকেটের ডিলারদের অবৈধভাবে মজুত করা সার লুট করে নিতে বাধ্য হচ্ছেন। তবে এই ঘটনাকে সাবেক সরকারের সময়ের লুটপাটের সঙ্গে এক করে দেখা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
আকবর খান বলেন, কৃষক ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় কৃষি উপকরণ না পেলে তাঁর বিকল্প থাকে না। সরকার কৃষকদের কৃষি কার্ড দিচ্ছে, কিন্তু সার, বীজ ও কীটনাশক না পেলে কৃষি কার্ড দিয়ে কী হবে—এ প্রশ্নও তোলেন তিনি। দ্রুত সারা দেশে কৃষকদের মধ্যে সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের আহ্বান জানান তিনি।
আজ সকাল ১১টায় গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জাকারিয়া হাসান সুমন।
সভায় বিশেষ অতিথি ছিলেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান। আরও বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান প্রধান মাসুদ। এ ছাড়া বিপ্লবী যুব সংহতির যুগ্ম আহ্বায়ক আওয়াল মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক আজাদুল ইসলাম আজাদ, আতাউর রহমান নান্নু, আসমা বেগম, রফিকুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মাহমুদুর রহমান প্রধান মাসুদ বলেন, গাইবান্ধার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং বিদ্যুৎ ও সেচসহ বিভিন্ন ইস্যুতে তাঁদের দল দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সার, বীজ, কীটনাশক ও সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনের পাশাপাশি ন্যায্য মূল্যে পর্যাপ্ত সার, বীজ ও কীটনাশক সরবরাহে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







