লঞ্চে শ্বাসকষ্টে সংকটাপন্ন নারী, ১৬১১১-এ ফোন পেয়ে ছুটে গেল কোস্ট গার্ড

ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়া এক নারীকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড। জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কোস্ট গার্ডের বোটে করে তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে ওই নারী তাঁর এক স্বজনের সঙ্গে ‘এমভি রাজারহাট-বি’ নামের যাত্রীবাহী লঞ্চে ভোলা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। দুপুর ১টার দিকে লঞ্চটি চাঁদপুরের হাইমচর থানার আখনের ঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। একপর্যায়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে লঞ্চে থাকা স্বজন কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল দল অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুত লঞ্চটিতে পৌঁছায়। সেখানে ওই নারীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় এবং অক্সিজেন সরবরাহ করা হয়।
পরে তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় কোস্ট গার্ড। তাদের বোটে করে তাঁকে চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
পরে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্ট গার্ড সব সময় নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







