পঞ্চগড়ে তিন ঘণ্টার তল্লাশিতে হারানো শিশু উদ্ধার

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে হারিয়ে যাওয়া ছয় বছরের শিশু মো. লেদুয়ানকে প্রায় তিন ঘণ্টার তল্লাশি চালিয়ে উদ্ধার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে শিশুটিকে তার মায়ের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়।
রবিবার দুপুর ১২টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য পিসি মো. আতাউর রহমান ও সুকুমার। এ সময় অসতর্কতার কারণে হাসপাতাল চত্বর থেকে শিশু লেদুয়ান নিখোঁজ হয়।
শিশুটি নিখোঁজ হওয়ার বিষয়টি জানাজানি হলে হাসপাতালজুড়ে উদ্বেগ তৈরি হয়। পরে দায়িত্বে থাকা আনসার সদস্যরা শিশুটিকে উদ্ধারে হাসপাতালের বিভিন্ন স্থান ও আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেন।
প্রায় তিন ঘণ্টা ধরে অনুসন্ধানের পর আনসার সদস্যরা শিশুটির সন্ধান পান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মায়ের কাছে হস্তান্তর করা হয়।
সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির মা। আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় হাসপাতালের রোগী, স্বজন ও দর্শনার্থীদের মধ্যেও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
শিশুটিকে নিরাপদে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ায় পঞ্চগড়ের সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আনসার সদস্যদের প্রশংসা ও ধন্যবাদ জানান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







